করোনা: মমেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ০৯:৫৫
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় সাত জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।
রোববার (০৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ রয়েছে। দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতালের আইসিইউতে ১৭ জনসহ মোট ৪৫৯ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১২৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮.১২ শতাংশ।

