মাতৃত্বকালীন বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন শুভশ্রী
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৪:২৫
প্রায় দেড় বছর পর মাতৃত্বকালীন বিরতি শেষে চলচ্চিত্রের শুটিংয়ে ফিরলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোমবার থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক বাবা যাদবের একটি সিনেমায় শুটিংয়ে শুভশ্রী যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় শুভশ্রীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ২০১৯ সালের ডিসেম্বর এ সিনেমার শুটিং শুরুর পর বেশিরভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। ২০২০ সালে মার্চে শুটিংয়ের মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও শুভশ্রীর মাতৃত্বজনিত কারণে দৃশ্যধারণ স্থগিত রাখা হয়েছিল।
গতবছর ১২ সেপ্টেম্বর শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর সংসারে পুত্রসন্তান ইউভানের জন্ম হয়েছে। সবশেষ চার মাস জিম করে, খাবার নিয়ন্ত্রণ করে নিজেকে চলচ্চিত্রের চরিত্রে উপযোগী হিসেবে প্রস্তুত করে ক্যামেরার সামনে দাঁড়ালেন শুভশ্রী। এর মাঝে একটি রিয়েলিটি শো-তে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় প্রথমবার পর্দায় দেখা গিয়েছে অঙ্কুশ-শুভশ্রী জুটিকে। তার ছয় বছরের মাথায় নতুন সিনেমায় জুটি বেঁধে আসছেন তারা। এ সিনেমার সংগীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

