গোপনে বিয়ে করেছেন নিলয়
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৬:১৫
অভিনেতা নিলয় আলমগীর বিয়ে করলেন। তার স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। তাও বিয়ের এক মাস পেরিয়ে গেছে । এ তথ্য নিশ্চিত করেছেন নিলয় আলমগীর।
নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম ঢাকার হোম ইকোনমিকস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ অভিনেতা বলেন— এক মাস আগে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর এতদিন গোপন রাখার কারণ ব্যাখ্যা করে নিলয় আলমগীর বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছিল। এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি, তাই কাউকে জানাইনি। আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে বিয়ের অনুষ্ঠান করেছি।’
নিলয়ের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, মাহা শিকদার, সালহা খানম নাদিয়া প্রমুখ।
২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০১৭ সালে এ সংসার ভাঙনের গুঞ্জন চাউর হয়। তাসনুভা তাবাসসুমের সঙ্গে নিলয়ের এটি দ্বিতীয় সংসার।
ইউডি/কেএস

