সরকার রাজনৈতিক মহামারিতে আক্রান্ত: গয়েশ্বর রায়
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ২৩:৩৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগন ছাড়া কোন রাজনীতি হয় না, আর যেই রাজনীতিতে জনগন নেই সেই রাজনীতি জনগন গ্রহণ করে না।
তিনি বলেন, করোনা মহামারি শুরু হওয়ার ১০ বছর আগে থেকেই সরকার রাজনৈতিক মহামারিতে আক্রান্ত। এই সরকার ভেন্টিলেশনের মধ্যে আছে। ভেন্টিলেশন খুলে ফেললে এই সরকার শেষ। ওরা আতংকে আছে, হারাবার যন্ত্রণা সারাক্ষণ, তাদের কোনো প্রাপ্তি নেই।
তিনি আরও বলেন, তারা প্রতিদিন টেলিভিশনের ছোট বাক্সের মধ্যে নানান কথা বলেন। কথা বলে তারা খুব আত্মতৃপ্তিতে ভোগে। বিশেষ করে তথ্যমন্ত্রী তো তথ্যের ভাণ্ডার। ভবিষ্যতে তাকে যদি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় তবে, সরকারের ষড়যন্ত্র-দুর্নীতির অনেক তথ্য পাওয়া যাবে। দোয়া করি, তিনি বেঁচে থাকুক, বাংলাদেশের জন্য তাকে প্রয়োজন হবে।
বুধবার দুপুরে (১১ আগষ্ট) কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন থানা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল ও চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ওবায়দুল কাদের পুঁথি পাঠের মতো করে বলেন, সকালে উঠিয়া আমি প্রকাশ্যে বলি- মিথ্যা কথা ছাড়া যেনো সত্য কথা নাহি বলি। আছে শরম যার আমার বুবুজান, আমি সেই কাজ করি দিয়ে মনপ্রাণ। জনগনের পাশে থাকতে বিএনপির নেওয়া কর্মসূচি অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই কর্মসূচি শুরু। আমরা সব সময় জনগনের পাশে আছি, পাশে থাকব।
গণমাধ্যম প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, টেলিভিশন-পত্রিকার পাতায় মিথ্যা কথা লিখলে জনগণ কী এটা সত্য ভাবে? জনগণ সরাসরি আক্রান্ত। সেই কথা না তুলে ধরে যদি বলা হয় জনগণ নিরাপদ। তাহলে এটা জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া করবে। একটা সময় আসবে যখন এই সরকারের তোষণকারী এই মিডিয়া কিন্তু জনগন দেখবে না, পত্রিকা পড়বে না।
এ সময় অনুষ্ঠানের উদ্বোধক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায় আপনাদের এলাকার গরীব মেহনতী মানুষের জন্য ১০ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও প্রচুর ঔষধের ব্যবস্থা করেছেন। তিনি নেতা কর্মীদের মানুষের সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
এদিকে, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নুসহ আরও অনেকে।

