তামাক থেকে তরুণদের দূরে রাখতে আইন সংশোধনের দাবি
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৩:৫৮
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণ ও যুব সমাজকে তামাকমুক্ত রাখতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জনিয়েছে প্রগতির জন্য জ্ঞান- প্রজ্ঞা। বৃহস্পতিবার (১২ অগাস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তামাকবিরোধী গবেষণা সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠিই তরুণ। তরুণরাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর। তামাকাসক্ত তরুণ সমাজ এই স্বপ্ন পূরণে অবদান রাখতে পারবে না বরং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে তরুণদের তামাকের ছোবল থেকে সুরক্ষা দিতে।
‘টোব্যাকো অ্যাটলাস’ এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারকারীর সংখ্যা এক লাখ ৭২ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যারা কিশোর বয়সে ধূমপানে আসক্ত হয়, তাদের অ্যালকোহলে আসক্ত হওয়ার শঙ্কাও স্বাভাবিকের তুলনায় তিন গুণ বেশি এবং কোকেইনের ক্ষেত্রে ২২ গুণ বেশি।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে তামাক একটি বড় বাধা। তরুণ সমাজকে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে দ্রুততম সময়ের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে আরো শক্তিশালী এবং যুগোপযোগী করা প্রয়োজন।”
বর্তমান আইন সংশোধন করে বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ, ই-সিগারেট এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস (এইচটিপি) এর মতো তামাকপণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ, তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বাড়িয়ে ৯০% এবং পাবলিক প্লেস ও পরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানান হয়।

