শিমুলিয়া-বাংলাবাজারে যাত্রীদের ঢল
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪০
লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে উভয়মুখী যাত্রীর ঢল রয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকেই ঢাকায় আসছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, মাদারিপুরের বাংলাবাজার ঘাট থেকে লঞ্চ ও ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া আসছেন হাজার হাজার যাত্রী। আবার দক্ষিণবঙ্গগামীদেরকেও শিমুলিয়ার লঞ্চে বাংলাবাজারের উদ্দেশে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।
লঞ্চে উভয়দিকের যাত্রীদেরই ভিড় রয়েছে। তবে লঞ্চ চলাচলের কারণে ফেরিতে যাত্রী পারাপারের চাপ কমেছে। এ নৌরুটে ৮৭টির মধ্যে ৮৪টি লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর পরিদর্শক মো. সোলেমান।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-ট্রাফিক) শাহাদাত হোসেন জানান, সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে লঞ্চে ও ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে ঢাকামুখী কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৪টি ফেরি চলছে। বাংলাবাজার থেকে যেসব ফেরি ফিরে আসছে তাতে খুব একটা যাত্রী নেই, তবে যানবাহনে পরিপূর্ণ।
তবে লঞ্চ চলাচল করায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে লঞ্চে আসা-যাওয়া করতে পারছেন। শিমুলিয়া ঘাট এলাকায় ৬ শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। তবে এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই আড়াই শতাধিক।

