তালেবানদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৭:৩০
তালেবানদের দখলে চলে গেছে আফগানিস্তানের আরও এক গুরুত্বপূর্ণ শহর গজনি। এরই ধারাবাহিকতায় ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানির সরকার। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের সংযোগ সড়কের প্রাদেশিক শহর গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।
ওই নিরাপত্তা কর্মকর্তা আরও জানান, ব্যাপক লড়াইয়ের পর তারা সব ধরনের সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। প্রাদেশিক গভর্নরের ভবনসহ সব স্থানীয় দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কর্মকর্তারা গজনি ছেড়ে কাবুল চলে গেছেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সর্বশেষ তারা রাজধানী থেকে দেড়শ কিলোমিটার দূরের গজনি শহর দখলে নিয়েছে।
আফগান একটি সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার। কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।
ইউডি/এজেএস

