শিপিং লাইনের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারে ক্রেতাদের প্রতি বিজিএমইএ’র অনুরোধ
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ২৩:২০
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পোশাক রপ্তানি কনটেইনার যথাসময়ের মধ্যে জাহাজীকরণের জন্য পোশাক শিল্পের বৈশ্বিক ক্রেতাদেরকে অধিক সংখ্যক শিপিং লাইনার ও অফ-ডক মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করেছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৃহস্পতিবার (১২ আগস্ট) বিজিএমইএ অফিসে সি এন্ড এ সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেড ও হাপাগ লয়েড প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সহযোগিতার অনুরোধ করেন। পোশাক শিল্পের রপ্তানি-আমদানি পণ্যের জাহাজীকরণ গতি সাবলীল রাখার বিষয়ে বিজিএমইএর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফারুক হাসান বলেন, চট্রগ্রাম বন্দরে ক্রেতাদের পক্ষ থেকে শিপিং লাইনার ও অফ-ডক নির্ধারিত করে দেয়ার কারনে পোশাক শিল্পের রপ্তানি পণ্যবাহী কনটেইনারগুলোকে বন্দরে অতিরিক্ত সময় থাকতে হচ্ছে। আসন্ন দিনগুলোতে তৈরি পোশাকের অর্ডার বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং রপ্তানিযোগ্য কনটেইনারের জাহাজীকরণ যথাসময়ে সম্পাদনের জন্য বিদ্যমান শিপিং লাইনগুলোকে তাদের সামর্থ্যরে সর্বোচ্চ ব্যবহার করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ সহসভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন, সি এন্ড এ সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট লিডার, জেনারেল ম্যানেজার শান্তনু সিং, গ্লোবাল লজিষ্টিকস ম্যানেজার (হেডকোয়ার্টার্স) মো. নাইমুল হুদা, হাপাগ লয়েড এর পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ, ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন এ চৌধুরী (মিনার) ও জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) সাইফুল আরিফ সিদ্দিক।
প্রসঙ্গত, এর আগে বিজিএমইএ পোশাক রপ্তানি কনটেইনার যথাসময়ের মধ্যে জাহাজীকরণের জন্য একটি পত্র দিয়ে বায়ার্স ফোরোমের মাধ্যমে পোশাক শিল্পের বৈশ্বিক ক্রেতাদেরকে অধিক সংখ্যক ফরওয়ার্ডার্স মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করেছিলো।

