করোনা: মমেক হাসপাতালে আরও ১৬ মৃত্যু
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ০৯:৪৮
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ সাত জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে নয় জনের।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪২৯ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৪১৭টি নমুনা পরীক্ষা করে নতুন ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২.৩২ শতাংশ।
ইউডি/কেএস

