২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু

২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৪:৩৫

আগামি ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। রবিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, আমাদের সংযুক্ত আরব আমিরাত একটি শর্ত দিয়েছে। বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ এবং ৬ ঘণ্টা আগে এয়ারপোর্টের ভেতরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আমাদের মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিমানবন্দরের ভেতরে একটি ব্যবস্থাপনা তৈরি করেছি। যেটা আজকে টেস্ট রান দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি বলেন, টেস্ট রান দিয়ে যদি এটি সফল হয়, আমরা এয়ারলাইন্সগুলোকে জানাবো। আশা করছি ২৮ তারিখ থেকে একটা এয়ারলাইন্সের টিকিট কাটা এবং প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে তাদের আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আশা করছি দুই-তিন দিনের ভেতরে পুরোপুরি যাত্রা শুরু হয়ে যাবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর যখনই আমাদের বিমানবন্দর রেডি বলে ঘোষণা দেবে এবং টোটাল কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবে জানাবে, তখন আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দেব। আশা করছি দুই-একদিনের ভেতর চালু হয়ে যাবে।

তিনি বলেন, বাংলাদেশে আমাদের বিমানবন্দরগুলো সীমিত আকারের। তারপরও যে ব্যবস্থাপনা নিয়েছি, এ পর্যন্ত কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। যার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী।

এদিকে, প্রবাসীদের দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হলো করোনা টেস্ট করার ল্যাব। শনিবার রাতে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়।

এই করোনা টেস্ট ল্যাব স্থাপনের যে ছয় প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয় সে প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, শনিবারই বিমানবন্দরের ভেতরে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য সেবা বিভাগের দুটি টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে, তারাই গোটা প্রক্রিয়া দেখছেন। এছাড়াও কবে থেকে ল্যাবগুলোতে নমুনা নেওয়া শুরু হবে তাও কমিটির লোকজন বলতে পারবেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading