ঘুর্ণিঝড়ের মধ্যেই ওমান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

ঘুর্ণিঝড়ের মধ্যেই ওমান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ২০:৩০

ঘুর্ণিঝড়ের প্রভাবে ফ্লাইট পিছিয়ে গেছে শুনে মাঝপথ থেকে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। কিন্তু মিনিট পাঁচেক পরেই খবর আসে, নির্ধারিত সময়েই ছাড়বে তাদের বিমান। দিনভর নানা নাটকীয়তার পর রোববার রাতেই বিশ্বকাপে খেলতে দেশ ছাড়ছে মাহমুদউল্লাহর দল।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির ম্যানেজার রাবীদ ইমাম নিশ্চিত করেন, রাত পৌনে ১১টার সময় ওমানের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

যাওয়া নিয়ে অনিশ্চিয়তা জেগেছিল সাইক্লোন শাহিনের জন্য মাস্কাট আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট স্থগিতের ঘোষণায়।

মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি থেকে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। রাবীদ ইমাম জানান, ফ্লাইট পিছিয়ে গেছে শুনে ফিরে যাচ্ছিলেন তারা।

“এর মিনিট পাঁচেক পরেই খবর আসে, নির্ধারিত সময়েই ছাড়বে বিমান। আমরা আবার বিমানবন্দরে যাচ্ছি।”

বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ জানান বিশ্বকাপে নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয়।

“আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। জাতি হিসেবে আমাদের বড় সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা যেভাবে গত সিরিজগুলো খেলেছি সেভাবে দল হিসেবে যদি খেলতে পারি তাহলে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করব ‘কোয়ালিফায়ার রাউন্ডে’ ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। এবার চেষ্টা থাকবে সেই বাধা ভাঙ্গার।”

ওমান পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন মাহমুদউল্লাহরা।

তিন দিন অনুশীলনের পর ওমানে হওয়ার কথা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে এক দিন হবে অনুশীলন।

১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর।

এবার এক দিন অনুশীলনের পরই শুরু বিশ্বকাপের লড়াই। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে, ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দল।

জৈব-সুরক্ষা বলয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও পাঁচদিন পরপরই কোভিড পরীক্ষা করানো হবে বলয়ে থাকা সবার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading