মুনিয়াকে ধর্ষণ ও হত্যার মামলা: কারাগারে মডেল পিয়াসা

মুনিয়াকে ধর্ষণ ও হত্যার মামলা: কারাগারে মডেল পিয়াসা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৩০

মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব‌্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন দুই দিনের রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পিয়াসার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী ও শিশু) স্বপন কুমার এসব তথ‌্য জানিয়েছেন।

গত ৩ অক্টোবর পিয়াসার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আটজনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

গত ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন গুলশান থানায় করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৬ সেপ্টেম্বর ভাটারা থানার মামলায় পিয়াসার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের করা পৃথক দুই মামলায় গত ৩০ সেপ্টেম্বর পিয়াসার জামিন মঞ্জুর করেন আদালত। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় মুক্তি মেলেনি পিয়াসার।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading