তুরাগে ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৪
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:২০
রাজধানীর আমিন বাজার এলাকার তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার (৯ অক্টোবর) ফায়ার সার্ভিস জানায়, দুপুর ৩টার দিকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর বয়স ৭ বছর। তার বাবার নাম হোসেন। ট্রলারডুবি ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুর বাবা হোসেন রাইজিংবিডিকে বলেন, সকালে তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে আমিনবাজার থেকে গাবতলী যাচ্ছিলাম। হঠাৎ বালুবাহী একটি বাল্কহেড আমাদের ট্রলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে ১২-১৪ জনের মত যাত্রী ছিল।
তিনি আরও বলেন, ১৩ মাসের মেয়েসহ আমি ও আমার স্ত্রী সাতার কেটে উপরে উঠলেও দুই মেয়ে নিখোঁজ হয়। এখন এক জনের লাশ পেলাম। ৯ বছর বয়সী আর এক মেয়েরে সন্ধান এখনো পাইনি।
এর আগে শনিবার (৯ অক্টোবর) ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে আমিনবাজার থেকে রাজধানীর গাবতলীতে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়।
ইউডি/সুস্মিত

