বাংলাদেশে রেল খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

বাংলাদেশে রেল খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫৮

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বাংলাদেশে রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

রবিবার (১০ অক্টোবর) রাজধানীর রেল ভবনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি উপস্থিত ছিলেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, ‘রেল খাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলছে। আগামীতে আরও অনেক প্রকল্প নেওয়া হবে। রেল খাতের উন্নয়নে আমাদের একটি মহাপরিকল্পনা আছে। সেটি ধরে ধরে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় বাংলাদেশে রেললাইন ছিল ৩ হাজার কিলোমিটার আর বর্তমানে ২৮০০ কিলোমিটার হয়েছে। আমাদের রেলপথ যমুনা নদী দিয়ে দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। আমাদের বেশিরভাগই সিঙ্গেল লাইন। আমরা পর্যায়ক্রমে সব সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, জনগণের চাহিদা বিবেচনা করে ২০১১ সালে আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।

বর্তমানে চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু নির্মাণের কাজ চলছে। ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘যেকোনো দেশে পরিবেশবান্ধব, সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেলওয়ে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। ভবিষ্যতে বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা করি।’

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading