শিশুদের করোনাভাইরাসের টিকা ‘এ সপ্তাহেই’

শিশুদের করোনাভাইরাসের টিকা ‘এ সপ্তাহেই’

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:১৫

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ এ সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক অনুষ্ঠান শেষে তিনি বলেছেন, শিশুদের দেওয়া হবে ফাইজার-বায়োএনটেকের টিকা। তবে ফাইজারের টিকার সংরক্ষণ জটিল হওয়ায় আপাতত জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে।

“চলতি সপ্তাহের মধ্যে আমরা শিশু-কিশোরদের টিকা দেওয়া শুরু করব। কোন কেন্দ্রে কখন শুরু করব তা এখনই বলছি না, পরে জানানো হবে।”

শিক্ষার্থীদের নিবন্ধন কীভাবে হবে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “প্রথমে স্কুলের কাছ থেকে তালিকা এনে তাদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। পরে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে।”

রোববার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, সম্প্রতি সুইজারল্যান্ড সফরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এবং গ্যাভির প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে। শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে তারা ‘সায় দিয়েছেন’।

স্বাস্থ্যমন্ত্রী সেদিন বলেন, সরকারের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা রয়েছে, এছাড়া আরও ৭০ লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

“ফাইজারের সবগুলো টিকাই আমরা স্কুলের ছেলেমেয়েদের দেব। প্রথমে অর্ধেক টিকা দেওয়া হবে। বাকি অর্ধেক টিকা আমরা রেখে দেব শিশুদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য।… আমরা প্রোগ্রাম তৈরি করছি, দুয়েক দিনের মধ্যেই দেখবেন কাজকর্ম শুরু হয়ে গেছে।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading