ইলিশ শিকারে সাগরে যাত্রার অপেক্ষায় জেলেরা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৩৫
কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ বরফ তুলছেন, অনেকে ট্রলার মেরামত করছেন। সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে গভীর সাগরে ইলিশ শিকারে যাত্রা করবে হাজার হাজার ট্রলার। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত পটুয়খালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত ৪ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। প্রতি বছর মৎস্য বিভাগের সময়োপযোগী এমন সিদ্ধান্তে মাছের উৎপাদন বাড়ায় খুশি জেলেরা। তবে কর্মহীন এ সময়ে জেলেপ্রতি দেওয়া হয় মাত্র ২০ কেজি চাল। সেটাও কাঙ্ক্ষিত সময়ে পায়নি জেলেরা। তাই নিষেধাজ্ঞাকালীন প্রনোদনা বাড়ানোর দাবি জানান মৎস্য সংশ্লিষ্টরা।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি করিম মুন্সী বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা সাগরে মাছ শিকার করিনি। এ বছর ভরা মৌসুমে তেমন ইলিশ ধরা পড়েনি। আশা করি নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।’
অপর মাঝি রহমান মিয়া বলেন, ‘অবরোধের শেষ সময়ে চাল পেয়েছি। তাও ২০ কেজি। পরিবারের সদস্যদের নিয়ে এ চাল দিয়ে কিছুই হয় না। আগামী অবরোধে সরকারকে চাল বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
ইউডি/সুস্মিত

