কোড ও টাকার রহস্যে আটকে রেখেছে শুভর ‘মিশন এক্সট্রিম’

কোড ও টাকার রহস্যে আটকে রেখেছে শুভর ‘মিশন এক্সট্রিম’

উত্তরদক্ষিণ । সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৩০

দুই মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারজুড়ে কোড ও টাকার রহস্যে আটকে রেখেছে বছরের সবচেয়ে আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ অভিনীত সিনেমাটির ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলার প্রকাশ হয়েছে রবিবার সন্ধ্যায়।

রাজধানীর তেজগাঁওয়ের এনটিভি স্টুডিওতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন মাধ্যমে এই ট্রেলার প্রকাশ করা হয়েছে। এতে সিনেমাটির পরিচালকদ্বয়সহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. মাহবুব আলমের সভাপতিত্বে এই আয়োজনের বিশেষ অতিথি হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা তারিক আনাম খান ও মাইম মাল্টিমিডিয়ার এক্সিকিউটিভ প্রডিউসার আহমেদ শাওন। আরও উপস্থিত ছিলেন ‘মিশন এক্সট্রিম’র দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, চিত্রনায়ক আরিফিন শুভ, সুমিত সেনগুপ্ত, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পে আমার পেশাগত বাস্তব জীবনে দেখা কিছু জটিল পরিস্থিতি তুলে ধরেছি, আর ট্রেলারে তার কিছুটা ইঙ্গিত দিয়েছি মাত্র! সিনেমায় থ্রিল, অ্যাকশন আর সাসপেন্সের পরিমাণ একটু বেশি থাকবে এবারের কিস্তিতে।’

সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, “‘ঢাকা অ্যাটাকে’র থিম থেকে ‘মিশন এক্সট্রিম’ নির্মিত হয়েছে কিন্তু এটা পুরোপুরি অন্য প্রেক্ষাপটে। ৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেলেই দর্শক বুঝতে পারবেন আমরা কী করেছি। নয় মাস এই সিনেমার জন্য কষ্ট করেছি। দেশের ইতিহাসে যেটা কখনোই হয় নাই সেটা করার চেষ্টা করেছি।”

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

এর আগে পর পর দুই বছর দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। অবশেষে সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading