ডেঙ্গু: একদিনে ১৮৪ জন রোগী ভর্তি
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৪০
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় ১৮৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ১৫১ জন। সরকারি হিসাবে দেশে অক্টোবরের ২৭ দিনে ৪ হাজার ৮৫৭ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৮৯ জন। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ২০ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।
বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৬৪ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭১১ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৫৩ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২২ হাজার ১০১ জন।

