৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ১১:০০
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (২৯ অক্টোবর)। দেশের আটটি বিভাগের মোট ৩৬৯ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা আয়োজন করা হবে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এরইমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি থেকে বলা হয়েছে, এমসিকিউ টাইপের এ পরীক্ষায় বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংকক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগসহ প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে।
পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন দিতে হবে।
পরীক্ষার কেন্দ্রে কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

