যতই পেটান, কর্মীদের ক্ষমতা আরও বাড়বে: মির্জা আব্বাস

যতই পেটান, কর্মীদের ক্ষমতা আরও বাড়বে: মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অত্যাচার-অনাচার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। যতই পেটান, মারেন—আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে।’ জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার (৩০ অক্টোবর) জাতীয়বাদী যুবদলের আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে মির্জা আব্বাস এ কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের নয়। আপনাদের ঘরেও সন্তান আছে। ভেবে দেখুন, আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, আমাদের মারছেন। কিন্তু, এক সময় আসবে, এ সরকারের পতন ঘটবে। সময় আসবে, এ সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।’

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘দ্রব্যের দাম বাড়বে, আবার কমবে—এটাই স্বাভাবিক। কিন্তু, বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়লে, আর কমে না। কারণ, তারা সিন্ডিকেট করে টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে।’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ঢাকার সাবেক এ মেয়র বলেন, ‘ম্যাডামকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না। কারণ, তাঁর অপরাধ তিনি এ দেশে গণতন্ত্র দিয়েছিলেন; এ দেশের গণমানুষের স্বাধীনতা দিয়েছিলেন। এ বাংলাদেশে খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় তিন-তিনবার পূজা আর রোজা একসঙ্গে হয়েছে। সে সময় খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন। এ সরকার উসকানি দিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে, পরে তারা প্রমাণ করতে চাচ্ছে—তারা অসাম্প্রদিক। এসব করে ক্ষমতায় থাকতে চাইছে।’

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সাবেক এ সভাপতি বলেন, ‘আপনারা এসে প্রমাণ করেছেন—অত্যাচার-অনাচার করে গণতন্ত্রকে আটকে রাখতে পারবে না, মানুষের অধিকারকে হরণ করতে পারবে না। তাই, আসুন আমরা আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নিই। এ সরকারকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরাতেই হবে।’

মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুবদলের সভাপতি সাইফুল আলম মিলনসহ দল ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading