ই-কমার্স: আদিয়ান মার্টের সিইও গ্রেফতার

ই-কমার্স: আদিয়ান মার্টের সিইও গ্রেফতার

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:১৫

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়েরসহ চার জনকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে র‍্যাব-৬-এর ঝিনাইদহের (সিপিসি২) স্কোয়ার্ড কমান্ডার তারেক আমান বান্না এ তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল-প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের পণ্য বুঝে না দিয়ে প্রতারণা করেছে। সে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিক মানিক, তাঁর বাবা আবু বকর সিদ্দিক, ছোট ভাই মাহমুদ সিদ্দিক রতন এবং ব্যবস্থাপক মিনারুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা তারেক আমান বান্না বলেন, ‘প্রথমে প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিককে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আদিয়ান মার্টের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে ব্যবস্থাপক মিনারুল ইসলাম, সিইও জুবায়েরের বাবা আবু বকর সিদ্দিক এবং ছোট ভাই রতন সিদ্দিককে রাতে গ্রেফতার করা হয়।’

তারেক আমান বান্না বলেন, ‘এ ঘটনায় একজন ভুক্তভোগী তাঁদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ টাকার প্রতারণা মামলা করেছেন। তিনি তিনটি মোটরাসাইকেল, ১০টি রেফ্রিজারেটর ও টিভিসহ নানা পণ্য কিনতে প্রতিষ্ঠানটিতে ১৮ লাখ টাকার মতো দিয়েছিলেন। সেখান থেকে লাখ দশেক টাকার মতো পণ্য তিনি বুঝে পেয়েছেন। এ অভিযোগ সত্য ও প্রমাণিত। এখন এসব প্রতারণার ঘটনায় কার কী ভুমিকা ছিল, সেসব জানার পালা। আরও কে কে জড়িত, তাও জানার চেষ্টা করা হবে। তাঁদের আদালতের মাধ্যমে কারাকারে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading