প্রবাসীরা বিদেশে বাংলাদেশের দূত: ভূমিমন্ত্রী

প্রবাসীরা বিদেশে বাংলাদেশের দূত: ভূমিমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৫০

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানান। বিদেশী সহকর্মী, অংশীদার ও বন্ধুদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেয়ার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বিদেশী ও অনাবাসী বাংলাদেশী ব্যাবসায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো-এ বাংলাদেশের পুঁজিবাজারের উপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারকে অর্থনীতির ভিত্তি এবং প্রত্যেক বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার এই কারণে বিদেশী বিনিয়োগকারীদের অনেক ভালো প্রণোদনা দিচ্ছে।

কভিড-১৯ বিশ্ব মহামারির এই সময়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা বলার সময় ভূমিমন্ত্রী বাংলাদেশী উদ্যোক্তাদের উদ্যোমী এবং যোদ্ধা হিসেবেও উল্লেখ করে বলেন, এ সময় আমাদের জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করতে হয়েছিল।

ভূমিমন্ত্রী উপস্থিত বিদেশী বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের জানান, আইএমএফ’র উপাত্ত অনুযায়ী করোনা মহামারীকালীন বিশ্বের শীর্ষ পাঁচটি সহনশীল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সাইফুজ্জামান চৌধুরী তার বক্তব্যে যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে বিনিয়োগ উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় লক্ষ্য রাখেন।

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশী ও বিদেশী, বিশেষত যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো’র আয়োজন করে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ শীর্ষ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অংশ নেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading