বিশ্বকাপের পাঁচ আসরেই গোল করার রেকর্ড, রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ কোচ

বিশ্বকাপের পাঁচ আসরেই গোল করার রেকর্ড, রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ কোচ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৩:৪৩

সম্ভবত নিজের শেষ এবং সর্বোচ্চ ষষ্ঠ ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব ফুটবলে যোগদানের পর প্রথমবারের মতো তিনি ফিফার এই মেগা ইভেন্টে খেলতে যাচ্ছেন। এর আগের পাঁচ আসরেই গোল করার একমাত্র রেকর্ড আছে সিআরসেভেনের। সৌদি ফুটবলে গেলেও তার পারফরম্যান্স এবং প্রতিদ্বন্দ্বিতার মানসিকতায় কোনো পরিবর্তন দেখছেন না পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।

এর আগে রোনালদো যখন ২০২২ কাতার বিশ্বকাপ শেষ হতেই সৌদি ক্লাব আল-নাসরে নাম লেখান, তখন বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক এই রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে। তুলনামূলক দুর্বল প্রতিযোগিতায় খেলার কারণে তার পারফরম্যান্সে প্রভাব পড়বে কি না সেই আলোচনাও শুরু হয়। তবে ফেব্রুয়ারিতে ৪১ বছরে পা রাখা রোনালদো আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের পারফরম্যান্সে অবনতির ধারণা উড়িয়ে দিয়েছেন।

নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে গোল করে চলেছেন রোনালদো– সেটি আল-নাসর এবং পর্তুগাল জাতীয় দল উভয় দলেই। বিশ্বকাপের আগে শিষ্য’র ক্ষুধা এখনও আগের মতোই আছে বলে মনে করেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ, ‘সে এখনও পারফর্ম করে নিজের মূল্য প্রমাণ করছে এবং দেখাচ্ছে যে জাতীয় দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে সবকিছু জয়ের পরও এমন ক্ষুধা ধরে রাখা সত্যিই অসাধারণ। তবে এটাও সত্য যে জাতীয় দলে থাকতে হলে অতীতের অর্জনের জন্য নয়, বর্তমান সময়ে দলকে সাহায্য করার সামর্থ্য থাকতে হয়।’

রোনালদো এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আসন্ন বিশ্বকাপ দিয়ে ছয়টি আসরে খেলার বিরল মাইলফলকে পা রাখবেন। তবে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২২৬) ও সর্বোচ্চ গোলের (১৪৩) রেকর্ড সিআরসেভেনের দখলে। এ ছাড়া তিনি একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন। মার্টিনেজ বলেন, ‘তিনি দলের নেতা এবং সম্ভবত বিশ্ব ফুটবলে এমন অর্জন আর কারও নেই যিনি জাতীয় দলের হয়ে ২২৫টির বেশি ম্যাচ খেলেছেন। শুধু এই সংখ্যাই তাকে অনন্য করে তোলে। কিন্তু জাতীয় দলের অন্য খেলোয়াড়দের মতো তার কাছ থেকেও একই প্রত্যাশা থাকবে।’

ইউরোপ ছেড়ে গেলেও জাতীয় দলে রোনালদোর পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। সৌদি আরবে যাওয়ার পরেও তার পারফরম্যান্স নিয়ে বড় প্রশ্ন তোলার সুযোগ কম। ওই সময়ের ভেতর জাতীয় দলের হয়ে শেষ ৩০ ম্যাচে করেছেন ২৫ গোল। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে উঠলেও পাঁচ ম্যাচে গোলশূন্য ছিলেন রোনালদো। তবে ২০২৫ সালে সৌদি আরবে খেলা শুরুর প্রায় আড়াই বছর পর তিনি পর্তুগালকে নেশনস লিগ জেতাতে সহায়তা করেন। পুরো প্রতিযোগিতায় করেন ৮ গোল, যার একটি স্পেনের বিপক্ষে ফাইনালে।

৪১ বছর বয়সেও রোনালদো নিজের শারীরিক সক্ষমতা অসাধারণভাবে ধরে রেখেছেন। ফেব্রুয়ারির শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লেও সেরে ওঠেন দ্রুততম সময়ে। ৭ মে আল নাসরের হয়ে নিজের ১০৫তম লিগ ম্যাচে সৌদি প্রো লিগে ১০০তম গোল করেন তিনি। যার সুবাদে ক্লাবটি ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছে। আল-নাসরে জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্স কাছ থেকে দেখছেন রোনালদোর পরিশ্রম ও ফিট থাকার কৌশল। তার মতে– ‘৪০ বছর বয়সেও কাউকে এমন পারফরম্যান্স করতে দেখা আমাদের আরও অনুপ্রাণিত করে। প্রতিদিন ও প্রতিটি ম্যাচে তিনি যে পরিশ্রম করেন তা অনন্য।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading