নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার আরব আমিরাতের, ‘ক্ষমার অযোগ্য’ বলছে ইরান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৩:১৪
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধ চলার সময়ে সংযুক্ত আরব আমিরাত ‘গোপনে সফর’ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় বুধবার (১৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
একইসঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, দুই দেশের মধ্যকার সম্পর্ক কোন ‘অনানুষ্ঠানিক ব্যবস্থার’ ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাত পুনরায় নিশ্চিত করছে যে, ইসরাইলের সাথে তাদের প্রকাশ্য সম্পর্ক। আর সেটি সুপরিচিত ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত আব্রাহাম অ্যাকর্ডস এর কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। এটি কোনো অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর ভিত্তি করে নয়।’
আব্রাহাম অ্যাকর্ডস হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত কিছু চুক্তি, যেগুলোর মাধ্যমে ইসরাইল এবং বেশ কয়েকটি আরব দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হয়েছিল।
যুদ্ধ চলার সময় ইরান সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করেছিল। একইসঙ্গে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তেহরান বারবারই সমালোচনা করে আসছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, নেতানিয়াহু ‘প্রকাশ্যে সেটাই ফাঁস করেছেন যেটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই’ দেশটির নেতাদের জানিয়েছিল।
তিনি আরও বলেন, ইসরাইলের সাথে এমন আঁতাত ‘ক্ষমার অযোগ্য’ এবং যারা এটি করবে তাদের ‘জবাবদিহি করতে হবে’।
একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু এবং আমিরাতের প্রেসিডেন্টের মধ্যকার বৈঠকটি ওমান সীমান্তের কাছের একটি মরূদ্যান শহর আল-আইন-এ অনুষ্ঠিত হয়েছিল। কয়েক ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
এদিকে মঙ্গলবার ইসরাইলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতকে সাহায্য করতে ইসরাইল তাদের আয়রন ডোম সিস্টেম থেকে অ্যান্টি-মিসাইল ব্যাটারি বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যাটারি পাঠিয়েছে।
হাকাবি জানিয়েছেন, আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির ওপর ভিত্তি করে ‘সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের অসাধারণ সম্পর্কের’ ফলে আয়রন ডোম গড়ে উঠেছিল।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ইউডি/রেজা

