লন্ডন সফর শেষে প্যারিসে প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১। আপডেট ১৯:০০
গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে প্যারিসের স্থানীয় সময় বেলা সোয়া ১১টার পর তিনি শার্ল দ্য গলআন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ২১ জন সৈনিক তার সম্মানে দেয় স্ট্যাটিক গার্ড।
ফ্রান্স সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।
বৈঠকের পর প্রেসিডেন্ট প্রাসাদে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি, দলিল এবং সমঝোতা স্মারক সই হতে পারে।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের বাসভবনে যাবেন। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
ফ্রান্সের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অব ফ্রান্স (এমইডিইএফ) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন প্যারিস পিস ফোরামের (পিপিএফ) অনুষ্ঠানেও।
এছাড়া ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা।

