চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ১২
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৫৫
চট্টগ্রামের টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
সোমবার গভীর রাতের এ ঘটনার পর ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান।
আহতদের মধ্যে মধ্যে রয়েছেন- ফজলে রাব্বি, রাশেদুল ইসলাম, ফয়েজ উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, আশরাফুল ইসলাম আশিক, রাজীব হোসেন, অভিজিৎ দত্ত, পারভেজ হোসাইন, মাইদুল হাসান ও বাপ্পারাজ তালুকদার।
রাতে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে নয় জনকে চিকিৎসা দিয়ে মঙ্গলবার সকালে ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনার সবাই ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
ওসি কামরুজ্জামান বলেন, ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারে নোয়াখালী জেলার শিক্ষার্থীরা আধিপত্য বিস্তার করে আসছে। তাদের সাথে অন্যান্য জেলার শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলে আসছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে হোস্টেল উপদেষ্টা কমিটির সামনে দুপক্ষের দুজন তর্কে জড়িয়ে পড়লে তারা মিটমাট করে দেন। পরে রাত ২টার দিকে দুই পক্ষ আবার জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের ১২ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেখান থেকে ১৩ জনকে আটক করে বেশকিছু লোহার রড উদ্ধার করা হয় বলে জানা ওসি কামরুজ্জামান। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

