ইউপি নির্বাচনঃ আওয়ামী লীগ ৫২৫, স্বতন্ত্র ৪৮৩টিতে জয়ী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ০৯:১০
দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচনে (ইউপি) তৃতীয় ধাপে সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ১০০৮ ইউপি নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে ৫২৫টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। বিপরীতে ৪৮৩টি ইউপিতে স্বতন্ত্রসহ অনান্য দল থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে স্বতন্ত্র থেকে নির্বাচিতদের একটা বড় অংশ ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের ইউপি নির্বাচনে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নিচ্ছে না।
তৃতীয় ধাপের নির্বাচনের চূড়ান্ত ফলাফল: এদিকে তৃতীয় ধাপের নির্বাচনে ৭৪ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে।
এই ধাপের ১০০৮ টি ইউপি নির্বাচনে চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন ৫২৫ জন প্রার্থী। স্বতন্ত্র থেকে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৪৬ জন প্রার্থী। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে ১৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন, ওয়ার্কার্স পার্টি থেকে ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে ১ জন, এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে ১ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে ১০০০টি ইউপিতে বিভিন্ন পদে ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতিযোগীতায় নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৪২৩ জন, মহিলা ভোটার ৯৯ লাখ ৩২ হাজার ৫৩০ জন। এছাড়াও হিজড়া ভোটার ১৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের ১০ হাজার ১৫৯টি।
ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে এরইমধ্যে ৫৬৯ জন প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ জন প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়েছেন।

