শিক্ষার্থীদের দাবি মেনে কাল থেকে বেসরকারি বাসেও হাফ ভাড়া
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১২:০০
শিক্ষার্থীদের হাফ পাসের দাবি মেনে নিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল বুধবার থেকে বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ছুটির দিনে এই অর্ধেক ভাড়া কার্যকর হবে না। এ ছাড়া ঢাকার বাইরেও এ সিদ্ধান্ত কার্যকর হবে না।
হাফ ভাড়ার বিষয়ে আরও কিছু শর্ত টেনে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবেন, তাদের কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি থাকতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবেন।

