বুধবার ফুটবলকে বিদায় বলবেন আগুয়েরো!
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৩০
হৃদরোগের কারণে আর ফুটবল খেলতে পারবেন না সার্জিও আগুয়েরো। গত নভেম্বরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। মাত্র ৩৩ বছর বয়সেই নাকি অবসর নিয়ে নিচ্ছেন তিনি। শীর্ষস্থানীয় স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, আগামী বুধবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। ৪০ মিনিট খেলেই বুকে ব্যথার কথা বলেন আগুয়েরো। মাঠেই মিনিটখানেক চিকিৎসা নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর হৃদরোগ ধরা পড়ে।
ওই অসুস্থতার কারণে আর মাঠে ফেরা হয়নি। প্রাথমিকভাবে তিন মাসের জন্য ছিটকে যান আগুয়েরো। তবে সপ্তাহ না ফুরোতেই খবর, হৃদরোগের কারণে আর মাঠে নিজের সেরাটা দিতে পারবেন না।
বার্সা তাদের নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরো বলেছেন, ‘বার্সেলোনায় আমার কাছে তথ্য আছে, তারা তার বিদায়ের প্রস্তুতি নিয়েছে।’
ইউডি/সুস্মিত

