মিথিলা-ফারিয়ার ৮ সপ্তাহের আগাম জামিন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:২০
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়া।
সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, বিকেল তিনটার দিকে আগাম জামিন নিতে তারা আদালতে উপস্থিত হন।
গতকাল রবিবার তাদের পক্ষে আইনজীবীরা আগাম জামিন আবেদন করেন।
গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইউডি/সুস্মিত

