বলিউড: ২০২১ সালে ঘর ভেঙেছে যাদের
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৫:৪৫
চিরদিন কাহারও সমান নাহি যায়—এ বচন যেন শাশ্বত। জীবনে উত্থান-পতন আছে, থাকবে। একসময় যে বন্ধন প্রকাশ্য, সে বন্ধনই প্রকাশ্যে ছিড়ে যেতে পারে। বলিউড যুগলদের ক্ষেত্রেও একই। ২০২১ সালে বেশ কয়েক জন তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে। এমন খবরে আহত হন তারকাদের অনুরাগীরাও। নানা কারণেই সংসার ভাঙতে পারে। আসুন, এক ঝলকে কয়েক জনের গল্প শোনা যাক—

আমির খান ও কিরণ রাও
সুদীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানের আমির খান ও কিরণ রাও। ভক্তরা এ খবরে হতাশ হন। সামাজিক পাতায় যৌথ বিবৃতির মাধ্যমে এ যুগল বিচ্ছেদের ঘোষণা দেন। এ যুগলের ঘরে আজাদ নামে পুত্রসন্তান আছে। এর আগে রীনাকে ডিভোর্স দিয়েছিলেন আমির।

সামান্থা ও নাগা চৈতন্য
এ বছর দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ হয়। অবশ্য যৌথ বিবৃতির আগে থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছিল। ২০১০ সালে “ইয়ে মায়া চেসাভে” চলচ্চিত্রে অভিনয়ের সময় প্রেমে পড়েন তারা। ২০১৭ সালে বিয়ে করেন। সামান্থা এবং নাগা চৈতন্য সুখী দাম্পত্যজীবন উপভোগ করলেও তাদের সন্তান না নেওয়াটা দুজনের বিচ্ছেদের অন্যতম কারণ বলে মনে করছেন ভক্তরা। ২০১৭ সালে বিয়ে করেন এ দম্পতি।

হানি সিং ও শালিনী সিং
জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং তাঁর শৈশবের বান্ধবী শালিনীকে বিয়ে করেন ২০১১ সালে। শালিনী অভিযোগ করেন, হানি তাকে মারধর করতেন। অবশেষে আগস্টে তাদের বিচ্ছেদ হয়। তাদের বিবাহিত জীবন ছিল ১০ বছরের। দশম বিবাহবার্ষিকীর ঠিক কয়েক দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়।

করণ মেহরা ও নিশা রাওয়াল
টেলিভিশন তারকা করণ মেহরা ও নিশা রাওয়ালের বিচ্ছেদের খবরে ভক্তরা মুষড়ে পড়েন। ২০১২ সালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিচ্ছেদের পর একে অন্যের প্রতি নানান অভিযোগ তোলেন এ দম্পতি। নিশার অভিযোগ ছিল, করণ তাকে ধাক্কা মেরেছেন। যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে করণ দাবি করেন, নিশা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। করণের পালটা অভিযোগ, নিশা রাওয়াল এবং তার ভাই রোহিত শেঠিয়া মিলে তাকে এবং তাঁর পরিবারকে ফাসানোর চেষ্টা করছে।

কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল
২০১৬ সালে বিয়ে করেন কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ২০২১ সালের এপ্রিলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার ঘোষণা দেন কীর্তি কুলহরি। কীর্তি একটি ছোট নোট সামাজিক পাতায় শেয়ার করেন, যেখানে বলা ছিল তারা যৌথ সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সংসার টিকেছিল পাচ বছর।

