স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়েই বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়েই বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি। তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকার‌ি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে, বহু আগেই জনগণ তাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে, তা তারা শুনতে পায়না।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘণ্টা বাজেনি? বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা।

জনগণ কি চায়, কি চায় না-তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন এমনটা মনে করে ওবায়দুল কাদের বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক।

নির্বাচনের বাইরে গিয়ে অন্যকোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।

ওবায়দুল কাদের বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।

বিএনপির বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের মিথ্যাচার সর্বজনবিদিত।

বাধাতো নয়ই, বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারতো কি?, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের উপর চাপানো তাদের স্বভাব।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading