দেশের অবস্থা ভালো নেই, জীবনের নিরাপত্তা নেই: জিএম কাদের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শুধু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিই নয়, সার্বিকভাবে দেশের অবস্থা ভালো নেই। মানুষের ইজ্জতের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই। দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে রংপুর ও লালমনিরহাট সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা যুক্তিসঙ্গত হয়েছে বলেও জানান জাপা চেয়ারম্যান।
জাপা চেয়ারম্যান বেকার সমস্যা প্রসঙ্গে বলেন, বেকার সমস্যা একটা চরম পর্যায়ে চলে গেছে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ বেকার। আমি অবজারভ করে দেখেছি, মানুষ ফুটপাতের অর্ধেকটা দখল করে থাকে কেন? বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছেলেরা ফুটপাতে বসে হকারি করছে। তারা স্কুটার চালায়, বেবিট্যাক্সি চালায়। পাঠাও বা উবার চালিয়ে তারা জীবিকা নির্বাহের চেষ্টা করেন। বেকার সমস্যা এমন একটা পর্যায়ে গেছে যে, মানুষ তাদের ভিটেমাটি বিক্রি করে ছেলেদের বিদেশে পাঠাতে বাধ্য হচ্ছে। অনেকটা অনিরাপদভাবে, ঝুঁকি নিয়ে যাচ্ছে। বেকার সমস্যার কারণে মাদক কারবারি বাড়ছে। কোটি কোটি মানুষ মাদকের দিকে চলে যাচ্ছে। এটা আগামী প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক তা গতবার করোনা পরিস্থিতিতে বোঝা গেছে। এবার ওমিক্রন যদি বড় ধরণের আঘাত হানে তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত এ কথা বলা ঠিক বলে মনে হয় না। আমরা মনে করি যে, সরকারকে এখনই এ বিষয়ে দৃষ্টি দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য আহসান আদেলুর রহমানসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। বিকেলে তিনি নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির রংপুর প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
ইউডি/ সিফাত

