ইয়াসিরের সাথে অশোভন আচরণ করায় জেমিসনের শাস্তি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩৩
ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষ হয়ে গেছে মাত্র তিন দিনে। এই ম্যচেই বাংলাদেশের ব্যাটসম্যান ইয়াসির আলিকে আউট করার পর অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন কাইল জেমিসন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জেমিসনের শাস্তির কথা জানায় আইসিসি। শাস্তি হিসেবে এই কিউই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
টেস্টের দ্বিতীয় দিন সোমবার বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১তম ওভারের ঘটনা। ক্যারিয়ারে প্রথম টেস্ট ফিফটি করে ইয়াসির ৫৫ রানে জেমিসনের বলে ক্যাচ দিয়ে আউট হন। তখনই তাকে প্রকাশ অযোগ্য কিছু বলেন জেমিসন। তার আচরণ ফিল্ড আম্পায়ারদের পছন্দ হয়নি। তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
ম্যাচ রেফারির কাছে নিজের দায় স্বীকার করে শাস্তি মেনে নেন জেমিসন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ২০২১ সালের মার্চে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আচরণবিধি ভাঙায় ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন জেমিসন। এবারের ঘটনার পর জেমিসনের ডিমেরিট পয়েন্ট হলো তিন। ২৪ মাস সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয়।
ইউডি/ সিফাত

