থেকে যাচ্ছেন ডমিঙ্গো

থেকে যাচ্ছেন ডমিঙ্গো

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:২০

প্রথমবারে মতো নিউ জিল্যান্ডে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের ইতিহাসে এটি অনন্য এক অর্জন। সেই অর্জন ছাপিয়ে আলোচনায় এখন কোচিং প্যানেল। চুক্তি বাড়াতে চান না বোলিং কোচ ওটিস গিবসন, আর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো থাকছেন কি না, এই আলোচনায় দেশের ক্রিকেট সরব বেশ কিছু দিন ধরেই।

তবে ডমিঙ্গোর জায়গায় সহসাই কেউ আসছেন না। এই দক্ষিণ আফ্রিকান কোচ থাকছেন সাকিব-তামিমদের গুরু হয়ে। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের খেলা দেখতে এসে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘কয়েকদিন আগে সভাপতিও বলেছেন, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’ আপাতত এক মাস কোনো আন্তর্জাতিক খেলা নেই। চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। তাই নিউ জিল্যান্ড থেকে ছুটিতে যাচ্ছেন কোচিং স্টাফের সদস্যরা।

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারপর দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। এমন ব্যস্ত সূচির মধ্যে দ্রুত কোচ পরিবর্তন সম্ভব না বলে মনে করেন জালাল। এ ছাড়া ফেব্রুয়ারির শুরুতে জেমি সিডন্সের যোগ দেওয়ার কথা রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। ক্রিকেট বোর্ড চায় পুরো কোচিং প্যানেল ঢালাওভাবে সাজাতে।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেন, ‘এখন খেলার ব্যস্ত সূচি। নিউ জিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। তারপর দল চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এই ব্যস্ত সূচির মধ্যে এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছেন। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেলেন, সিডন্স আসবেন; আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

জালালের ভাষ্যমতে হেড কোচ থাকছেন ডমিঙ্গোই। আপাতত পেস বোলিং কোচের পদ খালি। অ্যাশওয়েল প্রিন্স আছেন ব্যাটিং কোচ হিসেবে, নতুন করে যুক্ত হচ্ছেন সিডন্স। স্পিন কোচের দায়িত্বে রঙ্গনা হেরাথ। নতুন করে প্যানেল সাজালে কে থাকবেন আর কে বাদ পড়বেন? জালাল জানিয়েছেন, এটি জানার জন্য আরো অপেক্ষা করতে হবে।

জালাল বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, তিনি (বিসিবি সভাপতি) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই না, নির্বাচকের মতো পদও বোর্ড থেকে নেওয়া সিদ্ধান্তে হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading