শার্শায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৩৫
যশোরের শার্শায় এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে অজ্ঞত দুর্বৃত্তরা। ইজিবাইক চালকের নাম শাকিব হোসেন (১৬)। আজ সকালে এলাকার একটি ভাটার পাশে লাশ দেখে এলাকাবাসী শার্শা থানায় খবর পাঠায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার উলাশি ইউনিয়নের ধলদা টু বড়বাড়ীয়া গ্রামের একটি ভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাকিব হোসেনের বাড়ি গোগা ইউনিয়নের কারিগর পাড়া এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাকিব প্রতিদিনের মতো গতকাল দুপুরের পরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। সর্বশেষ রাত সাড়ে আটটার দিকে তার নানার সাথে মুঠোফোনে কথা হয়। তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
এ বিষয়ে নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করে ভাটার পাশে লাশ ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সাকিবের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

