শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আওয়ামী লীগ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৪৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাসে যায়।
এ সময় তারা জানান, শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ একমত। শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। তবে শিক্ষার্থীরা জানায়, তাদের এক দফা দাবি ভিসি ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে শাবিপ্রবিতে যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কাউন্সিলর ইলিয়াছুর রহমানসহ স্থানীয় নেতারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বলেন, আমরা সব সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছি। তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলবো। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে আমরা প্রতিনিধি দল কথা বলবো। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন। দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস ত্যাগ করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
এদিকে শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা পুনরায় মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় নানা প্রতিবাদী শ্লোগানে ভিসিকে পদত্যাগের আহ্বান জানায়। পুলিশ ভিসির বাসভবন ঘিরে রেখেছে। প্রধান ফটকে তালাসহ ইট বালি কাঠের আসবাবপত্র দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে শিক্ষার্থীরা। কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর ভিসির পদত্যাগের দাবি জানিয়ে চিঠি পোস্ট করবে শিক্ষার্থীরা। বর্তমানে মিছিল মিটিং অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেগম সিরাজুন নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগ ও পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর হামলার পর এই আন্দোলন এক দফা দাবিতে পরিণত হয়েছে।

