ওমিক্রন: সর্বোচ্চ সতর্কতায় ডিসিদের কাজ করার নির্দেশ
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫০
জেলা-উপজেলায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশনে তাদের এই নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের জানান, ওমিক্রন এসেছে। খুব বেশি ছড়াচ্ছে। ডিসিরা আগে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আগের মতো এখনো সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে যাতে সব কার্যক্রম পরিচালিত হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য হাসপাতাল করতে তিনটি বিভাগ থেকে প্রস্তাব পেয়েছি। বিভাগীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। আমরা এটি নির্মাণের পরিকল্পনা নিয়েছি, এর কার্যক্রম চলমান আছে।’
তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠনে ডিসিদের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠন করা আছে। কোনো বিভাগের কেন্দ্রীয় পর্যায়ের নিয়োগ ছাড়া আঞ্চলিক পর্যায়ে তৃতীয় শ্রেণির যেসব নিয়োগ হবে, সেখানে বিভাগীয় সিলেকশন বোর্ড করা হবে।’
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রশাসনের কর্মকর্তাদের অংশ নেওয়ার প্রস্তাবের বিষয়ে আলী আজম বলেন, ‘ইউএন মিশনের বিষয়টি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে এবং সেখানে ইউএন’র পক্ষ থেকে চাহিদার ওপর ভিত্তি করে। যেসব দেশের লোকজন ইউএন মিশনে বেশি কাজ করেন, সেসব দেশের লোকজন এই সুযোগ-সুবিধাগুলো পান। যাতে করে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে পেতে পারি সেজন্য আমাদের যে স্থায়ী প্রতিনিধি আছেন তার কাছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

