মাঝ আকাশে সংঘর্ষ এড়ালো দুই প্লেন: বাঁচলো ৪০০ যাত্রী

মাঝ আকাশে সংঘর্ষ এড়ালো দুই প্লেন: বাঁচলো ৪০০ যাত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৪৫

মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান! মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ ঘটে যেত দুই যাত্রীবাহী প্লেনের। প্রাণ যেত অন্তত ৪০০ যাত্রীর। কিন্তু পাইলটদের তৎপরতায় সেই ভয়াবহ সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনা ঘটে ইন্ডিয়ার বেঙ্গালুরুর আকাশে।

গত ৯ জানুয়ারির এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর বিরুদ্ধে। ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।

‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’-র পক্ষ থেকে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছুই বলা হয়নি। যদিও ডিজিসিএ প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ”

ডিজিসিএ সূত্রের খবর, মাঝ আকাশে মুখোমুখি চলে আসা দু’টি বিমানই ইন্ডিগো এয়ারলাইনসের। প্রথমটি, বেঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫। দ্বিতীয়টি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই২৪৬। পাঁচ মিনিটের ব্যবধানে বিমান দু’টি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে উড়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটিসি’র ভুল নির্দেশের কারণেই বিমান দু’টি একই উচ্চতায় চলে এসেছিল।

প্রসঙ্গত, বছর চারেক আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও বরাতজোরে মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইন্ডিগোর দু’টি বিমান।

সূত্র: এনডিটিভি, দ্য কুইন্ট

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading