৯৯৯ এর দুই নারী কনস্টেবল পেলেন পিপিএম পদক

৯৯৯ এর দুই নারী কনস্টেবল পেলেন পিপিএম পদক

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:২০

অসামান্য দক্ষতা ও কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর দুই নারী কনস্টেবল পপি আক্তার ও কাজল রেখাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা) দেওয়া হয়েছে। পিপিএম (সেবা) পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল পপি আক্তার ও কনস্টেবল কাজল রেখা পিপিএম (সেবা) পদকে ভূষিত হয়েছেন। আজ দুপুরে রাজারবাগে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের এই পদক পড়িয়ে দেন।

তাদের পদক প্রাপ্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলেও তিনি জানান।

এদিকে রোববার (২৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর বিষয়ে বলেন, জরুরি সেবা ৯৯৯ চালু করার ফলে আজকে পুলিশ বাহিনী দ্রুত সেবায় মানুষের পাশে দাঁড়াতে পারছে। যে করণে আজকে মানুষের মধ্যে একটা আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে।

২০১৭ সালের ১২ ডিসেম্বর ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশ সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ৯৯৯ নম্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

টোল ফ্রি হিসেবে ৯৯৯ নম্বরে ফোন করে যে কোনো নাগরিক পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-সেবা নিতে পারবেন। ৯৯৯ এ ফোন করতে কোনো নাগরিককে কল চার্জ হিসেবে কোনো রকম খরচ দিতে হয় না। কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যায়। জরুরি প্রয়োজনে ৯৯৯ কলারের ফোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংযুক্ত করে দেয়। আবার অনেক সময় জরুরি সেবার জন্য ৯৯৯ নিজ উদ্যোগে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে অবহিত করে থাকে। মোবাইল ফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading