নিজের চিকিৎসাব্যয় সম্পর্কে যা বললেন মাহবুব তালুকদার

নিজের চিকিৎসাব্যয় সম্পর্কে যা বললেন মাহবুব তালুকদার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩০

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচন কমিশনারদের চিকিৎসাবিধি অনুযায়ী আমার চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়েছে। তবে, গত দুই বছরে আমি চিকিৎসার জন্য সরকারিভাবে বিদেশে যাইনি। বর্তমান নির্বাচন কমিশনার এবং অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা বিধি অনুযায়ী কমিশন থেকে চিকিৎসার খরচ নিয়ে থাকেন। কে এম নূরুল হুদাও চিকিৎসার জন্য নির্বাচন কমিশন থেকে টাকা নিয়েছেন।’

শুক্রবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি।

মাহবুব তালুকদার বলেছেন, ‘গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন ভবনে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের জানিয়েছেন, আমার (মাহবুব তালুকদার) চিকিৎসার ব্যয় বছরে ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা। তিনি (নূরুল হুদা) অবশ্য খরচের প্রকৃত হিসেব দেননি। তিনি আমাকে রোগাক্রান্ত ব্যক্তি উল্লেখ করে বলেছেন, আমি কখনও আইসিইউতে বা কখনও সিসিইউতে থাকি। কিন্তু, ইচ্ছা করলেই কেউ আইসিইউ বা সিসিইউতে থাকতে পারে না। বিষয়টি সংবাদ মাধ্যমকে বিশদভাবে অবহিত করা প্রয়োজন বলে মনে করি।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আমি নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসার কালক্রমে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। আমি সিঙ্গাপুর ও ভারতের চেন্নাইয়ে এর চিকিৎসা করিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চারজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড দুই দফা শারীরিক পরীক্ষা করে সর্বসম্মতিক্রমে আমাকে বিদেশে চিকিৎসার অনুমোদন দিয়েছেন।’

মাহবুব তালুকদার আরও বলেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে অসুখের যথাযথ চিকিৎসা পাওয়া আমার মৌলিক অধিকার। চিকিৎসার কারণেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। নির্বাচন বিষয়ে আমার ভিন্নধর্মী অবস্থানের কারণে সিইসি তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চিকিৎসার বিষয় উল্লেখ করে আমার বিরুদ্ধে এহেন নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading