ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:১০
ক্যাথেরিন রাসেল জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। হেনরিয়েটা এইচ ফোরের স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাথেরিন রাসেল ইউনিসেফের ৭৫ বছরের ইতিহাসে অষ্টম নির্বাহী পরিচালক এবং চতুর্থ নারী হিসেবে সংস্থাটির ২০ হাজার কর্মীর নেতৃত্ব দেবেন।
এর আগে ক্যাথেরিন রাসেল মার্কিন প্রেসিডেন্টের সহকারি এবং হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গ্লোবাল উইমেনস ইস্যুর জন্য অ্যাম্বাসেডর-এট-লার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৪৫টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন।
ক্যাথেরিন রাসেল প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্টের উপ-সহকারী, সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির আন্তর্জাতিক নারী বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, বিচার বিভাগের সহযোগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সিনেটের জুডিশিয়ারি কমিটিতে স্টাফ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ক্যাথেরিন রাসেল হার্ভার্ড কেনেডি স্কুলে ইনস্টিটিউট অব পলিটিকসে শিক্ষকতা করেন। তিনি উইমেন ফরেন পলিসি গ্রুপের বোর্ডের যুগ্ম-চেয়ার, উইমেন ফর উইমেন ইন্টারন্যাশনালের বোর্ড সদস্য, সিসিম স্ট্রিট উপদেষ্টা বোর্ডের সদস্য, অলাভজনক সংস্থা কেআইভিএ উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং থমসন রয়টার্স ফাউন্ডেশনের ট্রাস্ট উইমেন উদ্যোগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বোস্টন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শনশাস্ত্রে স্নাতক এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ল’ স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেছেন ক্যাথেরিন রাসেল।

