আচমকাই নিজেকে সরিয়ে নিলেন টাইগারদের ব্যাটিং পরামর্শক

আচমকাই নিজেকে সরিয়ে নিলেন টাইগারদের ব্যাটিং পরামর্শক

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই নিজেকে সরিয়ে নিলেন টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকা অ্যাশওয়েল প্রিন্স। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, প্রিন্স পদত্যাগ করেছে। আমি একটু আগে মেইল পেয়েছি। সুনির্দিষ্ট তেমন কিছু উল্লেখ করেনি, পারিবারিক কারণ বলছে আর কী।

গত বছরের জুন মাসে জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয় বাংলাদেশ। পরে অগাস্টে তাকে দায়িত্ব দেওয়া হয় লম্বা সময়ের জন্য। সেই মেয়াদ দীর্ঘায়িত হলো না বেশি। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। প্রিন্সের হঠাৎ দায়িত্ব ছাড়ার সঙ্গে যোগসূত্র থাকতে পারে জেমি সিডন্সের বাংলাদেশের ক্রিকেটে ফেরার। সাবেক প্রধান কোচকে সম্প্রতি ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরিয়ে আনে বিসিবি। তাকে কোথায় কাজে লাগানো হবে, সেটি অবশ্য চূড়ান্ত হয়নি তিনি আসার এক সপ্তাহ পরও।

বিসিবি থেকে গত কিছুদিনে বলা হয়, ছুটি থেকে প্রিন্স দেশে ফেরার পর আলোচনা করে প্রিন্স ও সিডন্সের ভূমিকা ঠিক করা হবে। তবে জাতীয় দলে সিডন্সকে যুক্ত করা হতে পারে বলে গুঞ্জন আছে। সেই গুঞ্জনের রেশ দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাওয়া অসম্ভব নয়।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান অবশ্য খানিকটা অবাক প্রিন্সের এমন সিদ্ধান্তে। বিস্ময়কর তো বটেই। আমরা তো বলছিলাম যে সে ফিরলে আমরা কথা বলে ভূমিকা ঠিক করব। আমাদের মূল দলে ছিল। এখানে যে রাখা হবে না, এমন কিছু তো চূড়ান্ত হয়নি। সে ফিরলে আলোচনা করতাম। কিন্ত সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading