হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র, দোয়া চাইলো পরিবার
উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:২১
ইন্ডিয়ার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা সিনেমার গুণী অভিনেতা প্রবীর মিত্র। নিয়মিত শারীরিক চেকআপ ও হাঁটুর সমস্যার কারণে তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশে থেকে ভারতের উদ্দেশে রওনা দেন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া। তিনি জানান, আমার শ্বশুরবাড়ির অনেক লোক ভারতের থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য আব্বাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। আব্বার হাঁটুতে সমস্যা আছে। তবে তেমন জটিল কিছু নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।
এদিকে, অনেকদিন ধরেই অসুস্থ বাংলা ছবির রঙিন নবাব। বার্ধক্যজনিত অসুখ ছাড়াও নানা রকম ব্যাধিতে আক্রান্ত তিনি। বছরের অধিকাংশ সময় তার হাসপাতালেই কাটে বলা যায়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না এ অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্তও হয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৪০ সালে পুরনো ঢাকায় জন্মগ্রহণকারী প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। তার অভিনীত প্রথম নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’। এতে মুখ্য মানে প্রহরী চরিত্রে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘লালকুঠি’ নাট্যদলে যোগ দেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে তার প্রথম অভিনয়। প্রায় তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
ইউডি/সিফাত

