প্রাক-বাজেট আলোচনায় তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব

প্রাক-বাজেট আলোচনায় তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:২০

তরুণ ও দরিদ্র জনগোষ্ঠির সুরক্ষায় নিম্নস্তরের দশ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণসহ সকল তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে দাম বৃদ্ধির প্রস্তাব করেছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।

বাজেট সামনে রেখে বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সভায় আত্মা’র পক্ষ থেকে জানানো হয় দাবি বাস্তবায়ন করা হলে ৯,২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে এবং ৪ লক্ষ ৪৫ হাজার প্রাপ্তবয়স্ক ও ৪ লক্ষ ৪৮ হাজার তরুণ জনগোষ্ঠির অকাল মৃত্যু রোধ হবে। সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের ব্যবহার তুলনামূলকভাবে প্রায় একইরকম রয়েছে। করের ভিত্তি এবং করহার খুবই কম হওয়ায় সিগারেট, বিড়ি এবং ধোঁয়াবিহীন তামাকপণ্য (জর্দা ও গুল) অধিক সহজলভ্য থেকে যাচ্ছে।

বাংলাদেশের বর্তমান তামাক কর অত্যন্ত জটিল যা মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয় উল্লেখ করে সভায় বলা হয় এতে বিদ্যমান তামাক কর ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারছে না। বাংলাদেশে এখনও প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক (ধূমপান ও ধোঁয়াবিহীন) ব্যবহার করেন, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। তামাকের দাম বেশি হলে তরুণ জনগোষ্ঠী তামাক ব্যবহার শুরু করতে নিরুৎসাহিত হয় এবং তামাকাসক্তরাও বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী তামাক ছাড়তে উৎসাহিত হয়।

প্রাক-বাজেট সভায় জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের উপস্থিতিতে আত্মা’র প্রতিনিধি হিসেবে অংশ নেন নিউজ টুয়েন্টিফোর এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, একাত্তর টেলিভিশন এর অ্যাডিশনাল চিফ নিউজ এডিটর মনির হোসেন লিটন, বিডিনিউজ২৪.কম এর চিফ ক্রাইম করেসপন্ডেন্ট এবং আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন, এটিএন বাংলার নিউজ এডিটর ও কো-কনভেনর নাদিরা কিরণ, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও আত্মার কো-কনভেনর মিজান চৌধুরী।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘তামাকজনিত স্বাস্থ্য ব্যয় যে অনেক বেশি তা আমরাও জানি। কর ও দাম বৃদ্ধির সাথে আরও অন্যান্য বিষয় জড়িত। তবে আমরা চাই তামাক ব্যবহার কমে আসুক। অন্যান্য খাত থেকে আমাদের রাজস্ব আসবে। সবদিক ভেবেই আত্মা’র প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।’

প্রাক-বাজেট সভায় যে প্রস্তাবগুলো তুলে ধরা হয় তা হচ্ছে , সকল সিগারেট ব্রান্ডে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৬৫ভাগ) মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট এক্সাইজ (সম্পূরক) শুল্ক প্রচলন করা, নিম্ন স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৩২.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ কর , মধ্যম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করে ৪৮.৭৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করাসহ উচ্চ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১২০ টাকা নির্ধারণ করে ৭৮ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক করা।

এছাড়াও প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৫০ টাকা নির্ধারণ করে ৯৭.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা, ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়িতে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৪৫ভাগ) সুনির্দিষ্ট এক্সাইজ (সম্পূরক) শুল্ক প্রচলন করাসহ ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১১.২৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৯ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।

জর্দা এবং গুলের কর ও দাম বৃদ্ধিসহ সুনির্দিষ্ট এক্সাইজ শুল্ক (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৬০ভাগ) প্রচলন করাসহ প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৪৫ টাকা নির্ধারণ করে ২৭.০০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাবও করা হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading