দেশে আবারও গুম-অপহরণ শুরু হয়েছে : রিজভী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০.০০
দেশে আবারও গুম এবং অপহরণের মতো ভয়াবহ অপরাধ ‘শুরু হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব বাহিনী ও সাত র্যাব-পুলিশ কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর চাপে পিছু হটায় গুম-খুনের আতঙ্কে থাকা পরিবারগুলোতে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছিল। কিন্তু ইদানিং আবারও পুরনো পৈশাচিক চেহারায় ফিরে এসেছে, গুমের মতো ভয়াবহ অপরাধ শুরু করেছে সরকার।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, কয়েকদিন আগে খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং বরগুনা উপজেলা ছাত্রদলের নেতাকে কয়েকদিন গুম করে রাখার পর এখন থানায় দেওয়া হয়েছে। এই সরকারের অমানবিক আচরণের আবারও পুনরাবৃত্তি ঘটছে। গুম-অপহরণের ঘটনার সঙ্গে র্যাবের পাশাপাশি পুলিশের বিভিন্ন বাহিনীকে সরকার জড়িত করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে বিএনপির ‘রাজপথের কর্মসূচি’ আবারও শুরু হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। তিনি বলেন, ক্ষণ গণনা চলছে নিশিরাতের সরকারের বিদায়ের। আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই, সরকার এই মুহূর্তে পদত্যাগ না করলে মিটিং-মিছিল-শ্লোগান প্রতিরোধে অগ্নিগর্ভ হয়ে উঠবে বাংলাদেশ। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, গুম-অপহরণ-দুঃশাসন চালিয়ে যেভাবে ত্রাসের রাজস্ব কায়েম করেছেন তার পরিণতি হবে ভয়ঙ্কর।
ইউডি/সুপ্ত

