প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:২০
আগামী ১ মার্চ খুলছে দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ দিন থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। আজ শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১ মার্চ থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলবে। করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলবে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
ইউডি/অনিক

