ডেমরায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই ২ কারখানা, আহত দুই
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৪৭
আবারও রাজধানীর আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে যায় দুটি কারখানার পুরো অংশ।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মত ডেমরার ইমো রোটো ফ্লাক্সি ব্যাগ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হড়াৎ সর্ট সার্কিট থেকে পলিথিনের কেমিকেলে পড়ে আগুনে ফুলকি। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। গুরুতর আহত হন অন্তত দুজন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে সিদ্দিক বাজার ও খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে যোগ দেয় আরও ছয়টি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি কারখানার মালিক পক্ষের।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডে ইমো রোটো ফ্লাক্সি ব্যাগ কারখানা ছাড়াও পার্শ্ববর্তী ওয়াটার লিংক নামের আরও একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই কারখানায় হৃদপিণ্ড, ফুসফুস ও কিডনির জন্য ক্ষতিকারক পদার্থ ছিল। তবে প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।
আবাসিক এলাকায় এধরনের কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই জানিয়ে নজমুজ্জামান বলেন, ‘তবে কীভাবে হলো তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস।’
ইউডি/রেজা

