এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন কবে, যা জানা গেল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:০৬
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন মেলেনি। ফলে আগামী সপ্তাহের শেষ নাগাদ শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, প্রতি মাসের মতো এবারও নিয়মানুযায়ী বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি অনুমোদনের পর বেশ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর সেটি ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমে আপলোড করতে হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। সবশেষে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠালে তবেই শিক্ষকরা তা উত্তোলন করতে পারবেন।
মাউশির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে দাফতরিক সব প্রক্রিয়া শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে কোন কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হলে ১০ অথবা ১১ মে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। বর্তমানে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল দাখিল করেন, যা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে ছাড় করা হয়।
ইউডি/রেজা

