স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:২০
স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়া দিল্লি যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে তিনি ঢাকা ছাড়বেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
তিনি জানান, ‘আজ দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যার নয়াদিল্লী যাচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে দুপুরে নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে তিনি যাবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।’
উল্লেখ্য, শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে ভর্তি করে নেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের।
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়।
ইউডি/সুস্মিত

